নতুন রাজনৈতিক অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতের দিশা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ রাজ্যের নির্বাচনী ফল ঘোষণার পর দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে তাঁর বক্তব্যে উঠে এল বাংলার জন্য আলাদা রূপরেখা—যেখানে জোর দেওয়া হল উন্নয়ন, কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন সমীকরণের উপর।
সোমবার সন্ধ্যায় প্রায় দীর্ঘ বক্তৃতায় মোদী জানিয়ে দেন, দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে সমান গুরুত্ব দেওয়া হবে। তাঁর কথায়, “বিকশিত ভারত গড়তে বিকশিত পশ্চিমবঙ্গ অপরিহার্য।” এই মন্তব্যেই স্পষ্ট, নতুন সরকারের কাছে বাংলা কেবল একটি রাজ্য নয়, বরং বৃহত্তর জাতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

নির্বাচনী প্রচারে যে প্রতিশ্রুতিগুলি সামনে এনেছিল বিজেপি, জয়ের পরেও সেই সুরই বজায় রাখলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় ঘোষণা—রাজ্যে সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে কেন্দ্র-রাজ্য টানাপড়েনের কারণে আটকে থাকা এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়ে মোদী বোঝাতে চাইলেন, ভবিষ্যতে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে কোনও বাধা থাকবে না।
তরুণ প্রজন্ম ও মহিলাদের উদ্দেশেও ছিল স্পষ্ট বার্তা। কর্মসংস্থান বাড়ানো এবং রাজ্য থেকে বাইরে কাজের খোঁজে যাওয়ার প্রবণতা কমানো—এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গ তুলে ধরে বলেন, “পশ্চিমবঙ্গে এখন মহিলারা সুরক্ষিত পরিবেশ পাবেন।” এই বক্তব্য নির্বাচনী প্রচারের ধারাবাহিকতাই বজায় রাখল, যেখানে নিরাপত্তা ও কর্মসংস্থান ছিল বিজেপির মূল ইস্যু।
অনুপ্রবেশের প্রশ্নেও কড়া অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে এসেছে আইনি পদক্ষেপের ইঙ্গিত, যা ভবিষ্যতে প্রশাসনিক নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে।
তবে বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান। পশ্চিমবঙ্গের অতীত নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে মোদী বলেন, “পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। এ বার বদলা নয়, বদলের কথা হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা হবে।” তিনি আরও দাবি করেন, এবারের ভোটে হিংসাহীন পরিবেশ নতুন নজির তৈরি করেছে এবং এটিই ভবিষ্যতের পথ দেখাবে।
মোদীর এই বক্তব্যে একদিকে যেমন প্রশাসনিক অগ্রাধিকার স্পষ্ট হয়েছে, অন্যদিকে তেমনি রাজনৈতিক বার্তাও পরিষ্কার—সংঘাতের রাজনীতি থেকে সরে এসে উন্নয়নকেই সামনে আনতে চাইছে নতুন সরকার। এখন দেখার, এই প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবে রূপ পায় এবং বাংলার নতুন রাজনৈতিক অধ্যায় কতটা বদল আনতে পারে সাধারণ মানুষের জীবনে।








