দক্ষিণে বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি, উত্তরবঙ্গে ২০০ মিমির বেশি বর্ষণের আশঙ্কা, লাল সতর্কতা জারি

On: Monday, August 3, 2026 5:27 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় স্পষ্ট দুই ছবি। একদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই দিনে কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। বুধবারও উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনও একাধিক জেলায় কমলা সতর্কতা বহাল থাকবে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তাপমাত্রা বা অস্বস্তি খুব একটা কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’দিন বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মাঝেও ভ্যাপসা গরমের অস্বস্তি আপাতত বজায় থাকতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now