চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) সিনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি আবেদন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের হাতে আরও কিছুটা সময় থাকছে।
বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স ডিভিশনে এই নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং— এই দুই বিভাগের জন্য একজন করে মোট দু’জন সিনিয়র কনসালট্যান্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। প্রথমে ছয় মাসের জন্য নিয়োগ করা হলেও কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ সর্বোচ্চ দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও পদভেদে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার শর্ত রয়েছে, যা বিস্তারিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হলে ইগনুর সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Jobs at IGNOU’ বিভাগে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে।
বর্ধিত সময়সূচি অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্ত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








