কলকাতায় বাড়বে ঝড়বৃষ্টি, ৩ জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা, সপ্তাহজুড়ে ভিজবে বাংলা

On: Sunday, August 2, 2026 7:57 PM
---Advertisement---

রবিবার দুপুরের পর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে টানা বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকলেও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি রয়েছে। ওই দু’দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও বর্ষার দাপট জারি থাকবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সোমবার কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে, আপাতত সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now