AI-এর ব্যবহার জানলেই মিলবে চাকরি, ৬ লক্ষ শূন্যপদ, নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

On: Sunday, May 3, 2026 10:26 PM
---Advertisement---

কৃত্রিম মেধা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমানের কর্মসংস্থানের অন্যতম বড় চালিকাশক্তি। সরকারি দফতর থেকে বহুজাতিক সংস্থা—সব জায়গাতেই দ্রুতগতিতে যুক্ত হচ্ছে এআই। এর ফলে একদিকে যেমন নতুন ধরনের চাকরির সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে প্রচলিত পেশাগুলিও বদলে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়।

তবে এই দ্রুত পরিবর্তনের মাঝেই সামনে এসেছে একটি বড় ফাঁক। দেশের কর্মক্ষেত্রে এআই বিশেষজ্ঞের চাহিদা ৬ লক্ষেরও বেশি, কিন্তু বর্তমানে দক্ষ পেশাদারের সংখ্যা প্রায় ৪ লক্ষ ১৬ হাজার। অর্থাৎ, সুযোগ থাকলেও সেই অনুযায়ী দক্ষতার জোগান এখনও তৈরি হয়নি।

এআই নির্ভর কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের। এই পদের কর্মীরা মূলত ডেটা বিশ্লেষণ, সিস্টেম সুরক্ষা এবং জালিয়াতি শনাক্তকরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। গণিত, লিনিয়ার অ্যালজেব্রা এবং প্রোগ্রামিং—বিশেষ করে পাইথনে দক্ষতা এখানে অপরিহার্য।

একই সঙ্গে দ্রুত গুরুত্ব পাচ্ছে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার ও ডেভেলপারদের ভূমিকা। এঁরাই সেই প্রযুক্তির নেপথ্যে থাকেন, যার মাধ্যমে লেখা, ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। বৃহৎ ভাষা মডেলের সাহায্যে তারা এমন সিস্টেম তৈরি করেন, যা মানুষের নির্দেশ বুঝে কাজ করতে পারে।

প্রম্পট ইঞ্জিনিয়ারিংও এখন আলাদা একটি পেশা হিসেবে জায়গা করে নিয়েছে। কৃত্রিম মেধাকে কীভাবে নির্দেশ দিলে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যাবে, তা নির্ধারণ করাই এই পদের মূল কাজ। এর জন্য আধুনিক এআই টুল এবং ভাষা মডেল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, এআই ব্যবহারের সঙ্গে যুক্ত হয়েছে ব্যবস্থাপনা ও নৈতিকতার প্রশ্নও। এআই প্রোডাক্ট ম্যানেজাররা নতুন প্রযুক্তিনির্ভর পণ্যের কার্যকারিতা, স্থায়িত্ব এবং ব্যবহারযোগ্যতা যাচাই করেন। অন্যদিকে এআই এথিক্স স্পেশ্যালিস্টরা নজর রাখেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিক সীমারেখা বজায় থাকছে কি না।

ভুয়ো ছবি বা তথ্য তৈরির ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে এই পদের গুরুত্বও বাড়ছে। ফলে সমাজবিজ্ঞান, ভাষাতত্ত্ব বা মানবিক শাখার পড়ুয়ারাও এই ক্ষেত্রে নতুন সুযোগ পাচ্ছেন।

শুধু নতুন পদই নয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ক্লাউড আর্কিটেক্ট কিংবা কনসালট্যান্টদের কাজেও এখন এআই একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ফলে এই ক্ষেত্রগুলিতে টিকে থাকতে হলেও প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকা জরুরি।

সরকারি স্তরে Digital India Corporation এবং Centre for Development of Advanced Computing-এর মতো সংস্থায় নিয়মিত এআই সংক্রান্ত নিয়োগ চলছে। পাশাপাশি বেসরকারি এবং স্টার্টআপ ক্ষেত্রেও দক্ষ পেশাদারের চাহিদা দ্রুত বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে এআই নির্ভর চাকরির সংখ্যা আরও বাড়বে। তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না, প্রয়োজন ব্যবহারিক দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা।

কর্মসংস্থানের এই নতুন দিগন্তে তাই প্রশ্নটা আর শুধু ‘চাকরি কোথায়’ নয়, বরং ‘দক্ষতা কতটা’—সেটাই নির্ধারণ করবে কে এগিয়ে থাকবেন এআই-এর এই প্রতিযোগিতায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now