ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST)। গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধীনে পরিচালিত গবেষণা প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ হলেও, প্রকল্পের প্রয়োজন এবং কাজের অগ্রগতির ভিত্তিতে আরও দু’বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে।
নির্বাচিত প্রার্থী প্রথম দু’বছর মাসিক ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। তৃতীয় বছরে ফেলোশিপ বেড়ে হবে মাসে ৪২ হাজার টাকা।
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে বিটেক ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হলে IIEST শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৮ জুলাই। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







