হঠাৎ WhatsApp অ্যাকাউন্ট ‘Under Review’? আতঙ্ক নয়, আগে জেনে নিন কেন হয় এমন এবং কী করবেন

On: Tuesday, August 4, 2026 11:35 PM
---Advertisement---

হঠাৎ করেই WhatsApp খুলতে গিয়ে ‘Your account is under review’ বার্তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু ব্যবহারকারী। কয়েক ঘণ্টার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন সমস্যার মুখে পড়েন অনেকেই। স্ক্রিনে জানানো হয়, অ্যাকাউন্টের কার্যকলাপ WhatsApp-এর শর্তাবলি অনুযায়ী যাচাই করা হচ্ছে এবং ফল জানতে প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘটনার পর Meta জানিয়েছে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল ছিল এবং ইতিমধ্যেই সেই সমস্যা ঠিক করা হয়েছে। সংস্থার এক মুখপাত্র PTI-কে বলেন, “আমরা সবসময় এমন ব্যক্তিদের থেকে আমাদের পরিষেবাকে সুরক্ষিত রাখার চেষ্টা করি, যারা অপব্যবহার করতে চায়। সেই কারণেই প্রয়োজনে কিছু অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে কখনও কখনও ভুলও হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব সেই ভুল সংশোধন করে ব্যবহারকারীদের আবার চ্যাটে ফিরিয়ে আনার চেষ্টা করি। ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলি পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।”

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, WhatsApp-এর নিরাপত্তা ব্যবস্থা সবসময় সক্রিয় থাকে। প্রতি মাসে ৩০০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট নজরদারির আওতায় থাকে এবং সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে স্বয়ংক্রিয়ভাবে রিভিউ শুরু হতে পারে।

তবে ‘Under Review’ দেখালেই যে অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান হয়ে যাবে, এমন নয়। সাধারণত দু’ধরনের ব্যবস্থা নেওয়া হয়। প্রথমটি অস্থায়ী রিভিউ, যেখানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য অ্যাকাউন্ট যাচাই করা হয়। দ্বিতীয়টি স্থায়ী ব্যান, যেখানে সংশ্লিষ্ট নম্বর দিয়ে আর WhatsApp ব্যবহার করা যায় না।

কোন কোন কারণে অ্যাকাউন্ট রিভিউ বা ব্যানের মুখে পড়তে পারে? Meta অনুমোদিত নয় এমন GB WhatsApp, WhatsApp Plus বা YoWhatsApp-এর মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করলে ঝুঁকি বাড়ে। একই সঙ্গে অল্প সময়ে অনেক অচেনা নম্বরে একই ধরনের বার্তা পাঠানো, একাধিক ব্যবহারকারীর রিপোর্ট বা ব্লক হওয়া, ভুয়ো খবর বা আপত্তিকর কনটেন্ট শেয়ার করা, বটের মতো অস্বাভাবিক ব্যবহার কিংবা অননুমোদিত অটোমেশন সফটওয়্যার ব্যবহার করলেও WhatsApp অ্যাকাউন্টকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে পারে।

এই ধরনের সমস্যায় পড়া এড়াতে শুধুমাত্র Google Play Store, Apple App Store বা WhatsApp-এর অফিসিয়াল সংস্করণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। গণহারে মেসেজ পাঠানো, স্প্যাম বা ভুয়ো তথ্য ফরওয়ার্ড করা এবং অনুমোদনহীন টুল ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। ব্যবসায়িক কাজে নিয়মিত প্রচুর বার্তা পাঠানোর প্রয়োজন হলে WhatsApp Business API ব্যবহার করাই নিরাপদ।

যদি কোনও কারণে অ্যাকাউন্ট রিভিউয়ের আওতায় চলে যায়, তাহলে অ্যাপের মধ্যেই থাকা ‘Review Request’ অপশনের মাধ্যমে আবেদন করা যায়। সেখানে সঠিক তথ্য দিলে দ্রুত সমস্যার সমাধানের সম্ভাবনা থাকে। সাম্প্রতিক ঘটনায়ও দেখা গিয়েছে, সব ক্ষেত্রে ব্যবহারকারীর ভুল থাকে না। অনেক সময় প্রযুক্তিগত ত্রুটির কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যা পরে Meta নিজেই সংশোধন করে দেয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now