ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে ইউপিআই (UPI) ব্যবস্থায় নতুন পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুধু PIN দিয়ে টাকা পাঠানো যাবে না। তার আগে ব্যবহারকারীকে আরও একবার ‘Yes’ বা ‘No’ নির্বাচন করে চূড়ান্ত সম্মতি জানাতে হতে পারে। অনলাইন প্রতারণা কমানোর লক্ষ্যেই এই প্রস্তাব দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই এই প্রস্তাব রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কাছে পাঠিয়েছে। বর্তমানে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা আরও জোরদার করতে বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
তবে এই নিয়ম সব ধরনের UPI পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র যেসব লেনদেন ব্যাঙ্কের ফ্রড ডিটেকশন সিস্টেমের কাছে সন্দেহজনক বা উচ্চ ঝুঁকির বলে মনে হবে, সেগুলির ক্ষেত্রেই অতিরিক্ত যাচাই করা হবে।
প্রস্তাব অনুযায়ী, কোনও লেনদেনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলে গ্রাহকের মোবাইলের স্ক্রিনে একটি ‘Yes/No’ পপ-আপ দেখা যাবে। ব্যবহারকারী ‘Yes’ নির্বাচন করার পরেই সেই লেনদেন সম্পূর্ণ হবে। অর্থাৎ গ্রাহকের অতিরিক্ত সম্মতি ছাড়া টাকা পাঠানো সম্ভব হবে না।
ব্যাঙ্কগুলির মতে, সাম্প্রতিক সময়ে UPI-ভিত্তিক প্রতারণার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারকরা প্রযুক্তিগতভাবে সিস্টেম হ্যাক না করে ফোন কল, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর, মেসেজ বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যবহারকারীকে বিভ্রান্ত করে টাকা পাঠাতে বাধ্য করে।
UPI-র মাধ্যমে টাকা মুহূর্তের মধ্যে অন্য অ্যাকাউন্টে পৌঁছে যায়। তাই একবার ভুলবশত টাকা পাঠিয়ে দিলে তা ফেরত পাওয়া অত্যন্ত কঠিন। ব্যাঙ্কগুলির দাবি, এই অতিরিক্ত কনফার্মেশন গ্রাহককে কয়েক সেকেন্ড সময় দেবে, যাতে তিনি লেনদেনটি আর একবার ভেবে দেখতে পারেন। এতে প্রতারণার ঝুঁকিও অনেকটাই কমবে।
কোনও লেনদেনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করা হতে পারে। যেমন প্রথমবার কোনও নতুন ব্যক্তিকে টাকা পাঠানো, অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেন, নতুন মোবাইল বা ডিভাইস থেকে UPI ব্যবহার, অচেনা জায়গা থেকে লেনদেনের চেষ্টা কিংবা ব্যবহারকারীর স্বাভাবিক খরচের ধরণ থেকে সম্পূর্ণ আলাদা ধরনের লেনদেন।
তবে ব্যাঙ্কগুলি স্পষ্ট জানিয়েছে, সব UPI পেমেন্টে এই অতিরিক্ত ধাপ চালুর পক্ষে তারা নয়। কারণ UPI-র সবচেয়ে বড় সুবিধাই হল দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা। প্রতিটি লেনদেনে অতিরিক্ত সময় লাগলে সাধারণ ব্যবহারকারীদের অসুবিধা হতে পারে। তাই শুধুমাত্র সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রেই এই ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এখন এই প্রস্তাব খতিয়ে দেখছে RBI। কেন্দ্রীয় ব্যাঙ্ক অনুমোদন দিলে ভবিষ্যতে UPI-তে ঝুঁকিভিত্তিক অতিরিক্ত যাচাই বা ‘রিস্ক-বেসড অথেনটিকেশন’ ব্যবস্থা চালু হতে পারে।







