WB BJP Govt: শুভেন্দুর পরেই শপথ নিলেন দিলীপ ঘোষ, বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভায় থাকছেন কারা?

On: Saturday, May 9, 2026 1:11 PM
---Advertisement---

হয়ে গেল ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথ,

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শনিবার শুধু শপথগ্রহণের মঞ্চ ছিল না, তা কার্যত বাংলার রাজনৈতিক পালাবদলের প্রতীক হয়ে উঠল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং একাধিক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্রথম বাংলায় বিজেপির সরকার গঠন হল, আর সেই সরকারের মুখ শুভেন্দু।

শপথ নেওয়ার পরই তাঁর মন্ত্রিসভার প্রথম তালিকাও ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি সামাজিক সমীকরণেও স্পষ্ট বার্তা রাখার চেষ্টা করেছে বিজেপি। প্রথম দফার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), অশোক কীর্তনিয়া (Ashok Kirtania), নিতীশ প্রামাণিক (Nisith Pramanik) এবং ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)।

মতুয়া, রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখার বিষয়টি স্পষ্ট হয়েছে এই তালিকায়। রাজনৈতিক মহলের মতে, বিজেপি শুরু থেকেই সামাজিক ভারসাম্যের বার্তা দিতে চাইছে। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া মতুয়া সমাজের মুখ হিসেবে পরিচিত। অন্য দিকে উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত এলাকার প্রতিনিধি নিশীথ প্রামাণিক। আদিবাসী অধ্যুষিত বাঁকুড়ার রানিবাঁধ থেকে জয়ী ক্ষুদিরাম টুডুকেও মন্ত্রিসভায় এনে সেই বার্তাই জোরদার করা হয়েছে।

তবে কোন মন্ত্রী কোন দফতর পাবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলের নজর এখন সেই সিদ্ধান্তের দিকেই।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন আসছে। ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। তার পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুরু থেকেই ইঙ্গিত দিয়েছিল, বাংলার মাটির সঙ্গে যুক্ত এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে।

সেই জল্পনার কেন্দ্রে সবচেয়ে বেশি ছিল শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রাম এবং ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়ী হয়ে তিনি বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ হিসেবে উঠে আসেন। শেষ পর্যন্ত শুক্রবার বিধায়কদলের বৈঠকে সর্বসম্মত ভাবেই তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।

বৈঠকের পরে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।”

শনিবার ব্রিগেডের মঞ্চে সেই ঘোষণাই আনুষ্ঠানিক রূপ পেল। বাংলার রাজনৈতিক ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now