আধার ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। বিশেষ করে অনাবাসী ভারতীয় এবং বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের জন্য আধারের ব্যবহার আরও সহজ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ২০২৬ সালের গ্লোবাল ফিনটেক ফেস্টে ইউআইডিএআইয়ের সিইও সৌরভ বিজয় জানান, আধারের সঙ্গে অন্যান্য ব্যবস্থার সংযোগ আরও সহজ করতে কাজ চলছে এবং ইতিমধ্যেই কয়েকটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় আইনি কাঠামো নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা অনাবাসী ভারতীয়রা ভারতে টানা ১৮২ দিন থাকার শর্ত ছাড়াই আধারের জন্য আবেদন করতে পারেন। তবে তাঁদেরও ভারতে এসে অনুমোদিত আধার কেন্দ্রে গিয়ে পরিচয় ও জীবমিতি যাচাই সম্পূর্ণ করতে হয়। অন্য দিকে, ওসিআই কার্ডধারীদের ক্ষেত্রে বর্তমানে আবেদন করার আগের ১২ মাসে অন্তত ১৮২ দিন ভারতে থাকার শর্ত রয়েছে। বৈধ ওসিআই কার্ড ও বিদেশি পাসপোর্ট দিয়ে তাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারেন এবং তাঁদের আধারের মেয়াদ ১০ বছর।
এদিকে আধার জালিয়াতি রুখতেও কৃত্রিম মেধা ও জীবমিতি প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ইউআইডিএআই। মুখমণ্ডল ও আঙুলের ছাপ যাচাইয়ের পাশাপাশি পরিচয় যাচাইয়ের ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। তবে আধারকে আন্তর্জাতিক স্তরে ব্যবহারের নতুন ব্যবস্থা কবে থেকে চালু হবে এবং বিদেশে বসেই কী ভাবে এর সুবিধা নেওয়া যাবে, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা করেনি ইউআইডিএআই।






