বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে সর্বত্র বৃষ্টি হয়নি। শনিবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের দিকে এগোচ্ছে উত্তর তাইল্যান্ডের উপর তৈরি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শনিবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন থেকে চার দিনে সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের কাছে পৌঁছতে পারে। এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র সমান ভাবে বৃষ্টি হবে না।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। যদিও পুরোপুরি দুর্যোগ কাটবে না। ওই সময় নতুন করে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি না থাকলেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ওই দুই জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও শনিবার আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক নয়। আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জারি রয়েছে হলুদ সতর্কতা। সিকিম ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও সক্রিয়। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। আপাতত সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। তবে আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চললেও উত্তরবঙ্গে রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপের গতিপথের উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।







