১ জুলাই থেকে বাড়ছে ন্যূনতম মজুরি! কোন শ্রমিক কত বেতন পাবেন? জেনে নিন নতুন তালিকা

On: Tuesday, June 30, 2026 11:11 PM
---Advertisement---

রাজ্যের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। শ্রম দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সংশোধিত মজুরি কাঠামো চালু হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন শ্রেণির শ্রমিকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মে গোটা রাজ্যকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। জ়োন ‘এ’-এর আওতায় থাকবে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে, জ়োন ‘বি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যের বাকি অংশ।

সংশোধিত মজুরি অনুযায়ী, জ়োন ‘এ’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ১০,৫৫৮ টাকা, অর্থাৎ দৈনিক ৪০৬ টাকা। জ়োন ‘বি’-তে একই শ্রেণির শ্রমিকরা মাসে পাবেন ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা।

অর্ধদক্ষ শ্রমিকদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ১১,৬১৫ টাকা এবং জ়োন ‘বি’-তে ১০,৭৩৩ টাকা। দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এই অঙ্ক যথাক্রমে ১২,৭৭৭ টাকা ও ১১,৮০৭ টাকা। আর অত্যন্ত দক্ষ কর্মীদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ১৪,০৫৪ টাকা এবং জ়োন ‘বি’-তে ১২,৯৯০ টাকা ধার্য করা হয়েছে।

শ্রম দফতর জানিয়েছে, এই সংশোধিত মজুরি কাঠামো রাজ্যের ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ শিল্প, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুরিয়ার পরিষেবা, হোটেল-রেস্তরাঁ, তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার এবং কাঠ ও আসবাব শিল্প-সহ একাধিক ক্ষেত্র।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টা কাজের নির্ধারিত সময় বজায় রেখেই এই নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হবে। এর ফলে রাজ্যের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত বহু শ্রমিক সরাসরি এই সিদ্ধান্তের সুবিধা পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now