দক্ষিণ রেলে অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জন্য বড় সুযোগ। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৪৭১টি প্রশিক্ষণ আসনে প্রার্থী নেওয়া হবে। এর মধ্যে নতুন প্রার্থীদের জন্য রয়েছে ১৬৩টি আসন। এক্স আইটিআই প্রার্থীদের জন্য বরাদ্দ ৪৩০৮টি আসন। দক্ষিণ রেলের বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ এবং ইউনিটে এই প্রশিক্ষণের সুযোগ মিলবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা দক্ষিণ রেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। নথি যাচাইয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ১৫ অক্টোবর ২০২৬ নাগাদ প্রকাশিত হতে পারে।
আবেদন করার সময় ১০০ টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয়।
কত টাকা স্টাইপেন্ড
অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের সময় নির্বাচিত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বিভাগের ভিত্তিতে টাকার অঙ্কে পার্থক্য রয়েছে।
মাধ্যমিক উত্তীর্ণ ফ্রেশার প্রার্থীরা প্রতি মাসে ৮২০০ টাকা স্টাইপেন্ড পাবেন। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ফ্রেশার এবং এক্স আইটিআই প্রার্থীদের মাসিক স্টাইপেন্ডের পরিমাণ ৯৬০০ টাকা।
কতদিনের প্রশিক্ষণ
ফ্রেশার প্রার্থীদের প্রশিক্ষণের মেয়াদ ট্রেড অনুযায়ী আলাদা হবে। ওয়েল্ডার এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে প্রশিক্ষণ চলবে ১ বছর ৩ মাস। ফিটার এবং পেন্টার ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ ২ বছর।
এক্স আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদে ছাড় দেওয়া হবে।
কী ভাবে হবে নির্বাচন
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের পরিবর্তে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ফ্রেশারদের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে নির্দিষ্ট পদ্ধতিতে ২০০ নম্বরে রূপান্তর করে মেধাতালিকা তৈরি করা হবে।
অন্যদিকে এক্স আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে। দুই ক্ষেত্রেই ১০০ নম্বর করে ধরে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
তবে মনে রাখতে হবে, এটি অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ শেষ করার পর দক্ষিণ রেলে স্থায়ী চাকরি পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা যোগ্যতা, ট্রেড এবং অন্যান্য শর্ত ভালো ভাবে দেখে নেওয়া জরুরী।






