স্টাফ সিলেকশন কমিশন বা SSC প্রকাশ করেছে সাব ইনস্পেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এগজ়ামিনেশন ২০২৬, অর্থাৎ SSC CPO 2026-এর বিজ্ঞপ্তি। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং CISF-এ সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। মোট ১,৮৭১টি শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোথায় কত নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি পুলিশের পুরুষ বিভাগে ২০৫টি এবং মহিলা বিভাগে ১১২টি পদ রয়েছে। এছাড়াও CAPF-এ সাব ইনস্পেক্টর জিডি পদে ১,৩২০টি এবং CISF-এ সাব ইনস্পেক্টর ফায়ার পদে ২৩৪টি শূন্যপদ রয়েছে।
আবেদনের সময়সীমা
SSC CPO 2026-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১ অক্টোবর রাত ১১টা।
আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দেবে কমিশন। ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ রাত ১১টা পর্যন্ত আবেদন সংশোধন করা যাবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। পরবর্তী সময়ে কমিশনের তরফে পরীক্ষার সূচি জানানো হবে।
শিক্ষাগত যোগ্যতা কী
দিল্লি পুলিশ সাব ইনস্পেক্টর এবং CAPF-এর সাব ইনস্পেক্টর জিডি পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা এখনও স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।
অন্যদিকে, CISF-এর সাব ইনস্পেক্টর ফায়ার পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত কিছুটা আলাদা। বিজ্ঞান শাখায় গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যা-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা-সহ দশম উত্তীর্ণ প্রার্থীরাও এই পদের জন্য যোগ্য হতে পারেন।
বয়সসীমা কত
সাব ইনস্পেক্টর ফায়ার পদ বাদে অন্যান্য পদের ক্ষেত্রে ১ অগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। CISF-এর সাব ইনস্পেক্টর ফায়ার পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। SC ও ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
দিল্লি পুলিশের পুরুষ SI পদে অতিরিক্ত শর্ত
দিল্লি পুলিশের পুরুষ সাব ইনস্পেক্টর পদের ক্ষেত্রে শুধু শিক্ষাগত যোগ্যতা পূরণ করলেই হবে না। প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশ নিতে হবে। পাশাপাশি তাঁদের বৈধ মোটরবাইক ও গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
ফলে SSC CPO 2026-এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং সংশ্লিষ্ট পদের অতিরিক্ত শর্তগুলি আগে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা।







