কলকাতার ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের মাধ্যমে মোট পাঁচটি শূন্যপদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, মডেলার, ড্রাইভার কাম মেকানিক এবং হিন্দি ট্রান্সলেটর পদে একজন করে নিয়োগ করা হবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার এবং হেড মডেলার পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। অন্যদিকে মডেলার, হিন্দি ট্রান্সলেটর এবং ড্রাইভার কাম মেকানিক পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। পদভেদে মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত হতে পারে।
যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী পৃথক শর্ত রয়েছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার পদে আবেদনকারীর ভারতীয় ইতিহাস, নৃবিজ্ঞান বা কলা বিভাগের কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
হেড মডেলার এবং মডেলার পদের জন্য মডেলিং ভাস্কর্যে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। হিন্দি ট্রান্সলেটর পদে আবেদন করতে হলে হিন্দি ও ইংরেজি বিষয় নিয়ে স্নাতক হতে হবে এবং অনুবাদের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার কাম মেকানিক পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি উত্তীর্ণ। এর সঙ্গে বৈধ স্থায়ী ড্রাইভিং লাইসেন্স, গাড়ি মেরামতের বিষয়ে জ্ঞান এবং অন্তত পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। এই পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
আবেদনের জন্য প্রথমে ভারতীয় জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ‘নোটিস’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে জাদুঘরে গিয়ে সরাসরি অথবা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর। আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।






