গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল সিকিম বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (ICSSR)-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ় অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর অধীনে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করতে হলে প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে উল্লেখিত নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ১৫ জুলাই। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, যোগ্যতা এবং অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতেই বিস্তারিত উল্লেখ রয়েছে।







