গবেষণার কাজে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক সায়েন্স বিভাগের তরফে সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে মোট ছ’জনকে নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় সরকারের মৈতি বিভাগের আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পের জন্য এই নিয়োগ। পদ অনুযায়ী মাসিক সাম্মানিকেও রয়েছে পার্থক্য। জুনিয়র রিসার্চ ফেলো পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪৮ হাজার টাকা সাম্মানিক পাবেন। সিনিয়র রিসার্চ ফেলোদের মাসিক সাম্মানিক ৫৫ হাজার টাকা। অন্যদিকে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হলে প্রতি মাসে ৬৩ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনটি পদের জন্যই নির্দিষ্ট বিষয়গুলিতে প্রযুক্তিগত ডিগ্রি থাকা প্রয়োজন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। তবে পদভেদে অন্যান্য যোগ্যতা ও শর্ত রয়েছে। সেগুলি জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা প্রয়োজন।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘নিউজ’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
এই নিয়োগে আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন করার আগে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য প্রয়োজনীয় শর্ত, আবেদন পদ্ধতি এবং নথিপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া জরুরি।







