ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) চিকিৎসকদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঝাড়খণ্ডের বোকারো জেনারেল হাসপাতালে পরামর্শদাতা (Consultant) হিসেবে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকদের। স্পেশ্যালিস্ট এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) মিলিয়ে মোট ৯টি শূন্যপদে নিয়োগ হবে।
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে কাজের মূল্যায়নের ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে।
নিযুক্ত চিকিৎসকদের প্রতি মাসে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে। পদ ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের পরিমাণ নির্ধারণ করা হবে।
আবেদনকারীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত চিকিৎসকেরাই এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদনকারীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) অথবা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC)-এর বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
যোগ্যতার ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি আবশ্যিক। চিকিৎসক হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। এছাড়া এমবিবিএসের পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে না। আগামী ১৬ জুলাই বোকারো জেনারেল হাসপাতালে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত এবং প্রয়োজনীয় নথির তালিকা জানতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







