ব্যাঙ্কিং সেক্টরে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ নিয়ে এল ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষানবিশ পদে দেশজুড়ে মোট ৫ হাজার কর্মী নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই নিয়োগ করা হবে ১৯৪ জনকে।
শিক্ষানবিশ আইন, ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণের পাশাপাশি ব্যাঙ্কের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে ২০ থেকে ২৮ বছর।
পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ হবে। প্রার্থীদের বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং অন্যান্য মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে।
যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাঙ্ক অফ বরোদার সরকারি ওয়েবসাইট (https://www.bankofbaroda.in) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







