গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-১ পদে নিয়োগ করা হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস বিভাগের অধীনে এই নিয়োগ হবে। প্রকল্পের মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর। তবে গবেষণার প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৫ হাজার ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে লাইফ সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, জুলজি অথবা লাইফ সায়েন্সেস-সংক্রান্ত যে কোনও বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি সিএসআইআর-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (CSIR-NET) উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১০ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। তবে তার আগে আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন করতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুলাই। আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। গবেষণার ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকা প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।







