রান্নার গ্যাস এখন প্রায় প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। তবে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে এলপিজি সিলিন্ডারের খরচ সামলানো এখনও বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য পরিষ্কার জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।
২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল কাঠ, কয়লা বা অন্যান্য দূষণকারী জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে গৃহস্থালির রান্নায় এলপিজির ব্যবহার বাড়ানো। বর্তমানে প্রকল্পের তৃতীয় পর্যায় চালু হয়েছে এবং দেশের কোটি কোটি মহিলা এর সুবিধা পাচ্ছেন।
উজ্জ্বলা যোজনার আওতায় যোগ্য মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়। শুধু সংযোগই নয়, প্রথম গ্যাস সিলিন্ডার এবং রেগুলেটর সংগ্রহের জন্যও আর্থিক সহায়তা মেলে। ফলে নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে বড় অঙ্কের প্রাথমিক খরচের চাপ অনেকটাই কমে যায়।
এছাড়া উজ্জ্বলা গ্রাহকদের জন্য কেন্দ্র সরকার প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেয়। এর ফলে রান্নার গ্যাসের ব্যয় তুলনামূলকভাবে অনেকটাই কমে আসে। যদিও আগে বছরে ৯টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকির সুবিধা পাওয়া যেত, বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৪টি করা হয়েছে।
প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্যাস সংযোগ সরাসরি পরিবারের মহিলার নামে ইস্যু করা হয়। এর ফলে পরিবারের জ্বালানি সংক্রান্ত সম্পদের উপর মহিলাদের অধিকারও নিশ্চিত হয়।
বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বলা যোজনার প্রভাব শুধু রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। কাঠ বা কয়লার ধোঁয়া থেকে সৃষ্ট শ্বাসকষ্ট, চোখের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি জ্বালানি সংগ্রহে সময় নষ্ট না হওয়ায় মহিলাদের দৈনন্দিন জীবনও অনেকটা সহজ হয়েছে।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাঁর পরিবারের নামে আগে থেকে কোনও এলপিজি সংযোগ থাকা চলবে না। পাশাপাশি পরিবারটিকে সরকার স্বীকৃত দরিদ্র বা আর্থিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী, অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ডধারী পরিবার, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, চা-বাগান ও দ্বীপাঞ্চলের বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন।
পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে উজ্জ্বলা যোজনা এখনও কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।






