উচ্চ বেতনের সরকারি চাকরি খুঁজছেন? সেই সুযোগ এনে দিল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড (NICL)। সংস্থার কলকাতার সদর দফতরে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (Chief Information Security Officer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এই পদের জন্য বছরে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। ক্লাউড সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল (CISSP), সার্টিফায়েড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার (CISM) অথবা সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (CISA)-এর মতো স্বীকৃত সার্টিফিকেশন থাকতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক এবং সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা ই-মেল অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই সংস্থার নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ৩০ জুলাই পর্যন্ত।
আবেদনপত্র জমা পড়ার পর প্রাথমিকভাবে নথি যাচাই করা হবে। সেই পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, আবেদনপত্রের নমুনা এবং অন্যান্য শর্ত সংস্থার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।







