অপেক্ষার অবসান। নির্ধারিত সময়েই উত্তরবঙ্গে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মঙ্গলবার থেকে রাজ্যের একাধিক জেলায় আনুষ্ঠানিকভাবে বর্ষার সূচনা হয়েছে। এরই সঙ্গে পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির অধিকাংশ এলাকা ইতিমধ্যেই মৌসুমি বায়ুর আওতায় চলে এসেছে। দার্জিলিংয়ের কিছু অংশেও বর্ষার প্রবেশ ঘটেছে। আবহবিদদের মতে, উত্তরবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১০ জুনের আশপাশ। সেই হিসেবে এ বছরের প্রবেশ একেবারেই স্বাভাবিক সময়সীমার মধ্যেই হয়েছে।
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়ছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সপ্তাহের বাকি দিনগুলিতেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সেই তালিকায় যুক্ত হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। শুক্রবার এবং শনিবারও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও পুরোপুরি বর্ষা না এলেও আবহাওয়ার চরিত্র বদলাতে শুরু করেছে। আগামী কয়েক দিন বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এখনও অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে।
এখন নজর দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক প্রবেশের দিকে। আবহবিদদের মতে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই গোটা রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে।






