সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল Power Grid Corporation of India Limited। সংস্থার তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ট্রেনি পদে ৬৫০-রও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
এই নিয়োগের মাধ্যমে ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি এবং জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি পদে প্রার্থী নেওয়া হবে। ডিপ্লোমা ট্রেনি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি আবশ্যিক। জুনিয়র অফিসার ট্রেনি পদের ক্ষেত্রে বিবিএ বা এমবিএ ডিগ্রির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা থাকতে হবে। অন্যদিকে, জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য প্রয়োজন আইটিআই ডিগ্রি।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলতে পারে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা যোগ্যতার মানদণ্ড রয়েছে, যা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে Power Grid Corporation of India Limited-এর ওয়েবসাইটে (www.powergrid.in)। ‘ক্যারিয়ার’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুলে নির্দিষ্ট নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়াও বাধ্যতামূলক।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ মে। তাই সময়সীমা মাথায় রেখে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছে সংস্থা।







