করোনার অভিজ্ঞতা বদলে দিল ভাবনা, অভিনয়ের বাইরে এবার নতুন ভূমিকায় জীতু কমল! নিলেন বড় উদ্যোগ

On: Tuesday, June 30, 2026 9:33 PM
---Advertisement---

করোনা অতিমারি অনেকের জীবনদর্শন বদলে দিয়েছিল। অভিনেতা জীতু কমলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অভিনয়ের জগতের ব্যস্ততার মাঝেই সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে তিনি গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নাম রাখা হয়েছে ‘Jeetu Kamal and the Universe Social Trust’। আগামী ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে এই ট্রাস্ট।

জীতুর কথায়, এই উদ্যোগ কোনও হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। প্রায় দেড় বছর ধরে এর প্রস্তুতি চলেছে। তিনি বলেন, “গত কয়েক বছরে অনুরাগীদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। প্রতিদিন প্রচুর উপহার পাই। এমনকি অনেকে টাকাও পাঠান। তা নেহাতই কম অঙ্কের টাকা নয়। একটা সময়ের পরে আমার মনে হল, মানুষের এত ভালবাসা, এই টাকা যদি ভাল কাজে ব্যবহার করতে পারি, তা হলে তো মন্দ হয় না। কিছু মানুষের মুখে হাসি ফুটবে। বছরের শেষে অডিটেও বোঝা যাবে টাকাপয়সার হিসাব।”

টলিউডের অনেক শিল্পী যখন অভিনয়ের পাশাপাশি ব্যবসা বা প্রযোজনার পথে হাঁটছেন, তখন সমাজসেবাকেই অগ্রাধিকার দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন অভিনেতা। তাঁর কথায়, “করোনা আমাকে শিক্ষা দিয়েছে। আমার মনন তৈরি করেছে। আমি প্রযোজনা সংস্থাও খুলব, তবে সেটা শুধুই ব্যবসার নিরিখে নয়। কিন্তু সেখান থেকে যা রোজগার হবে, সেই টাকা আমি কত জমাব? আমার পরিবার ভাল আছে। আমি ভাল ভাবে থাকি। এসি গাড়ি চড়ি। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোয় বিশ্বাসী নই আমি। ঘরকে ঠিক রেখেছি। এ বার বাকি যা আছে শুধুমাত্র জমিয়ে কী করব? আগামী কে দেখেছে?”

জীতুর মতে, এই ট্রাস্টের লক্ষ্য শুধু আর্থিক সাহায্য করা নয়, বরং সমাজের বিভিন্ন স্তরে সেবামূলক কাজ করা। তিনি বলেন, “আমার সংস্থা দান নয়, সেবা করবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শিক্ষায় শিক্ষিত হয়।”

অভিনেতা জানান, টলিগঞ্জের টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে তাঁর সংস্থা। ইতিমধ্যেই বিভিন্ন পেশার মানুষ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। ট্রাস্টের সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে।

সম্প্রতি একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন জীতু কমল। আপাতত নতুন এই সামাজিক উদ্যোগ নিয়েই ব্যস্ত তিনি। অভিনয়ে তাঁর পরবর্তী কাজ সম্পর্কে অবশ্য এখনও কোনও ঘোষণা করেননি অভিনেতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now