টেলিভিশনের জনপ্রিয় মুখ হিয়া দে, যাকে এখনও অনেকেই ‘পটলকুমার’ নামেই চেনেন, এখন হাসপাতালে ভর্তি। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিজের কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, গত সপ্তাহের বুধবার স্কুলে কবাডির অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়েন হিয়া। অভিনেত্রীর মা জানিয়েছেন, আন্ডার-১৯ কবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময় খেলতে গিয়ে পড়ে যান হিয়া এবং শরীরের পুরো ভার গিয়ে পড়ে তাঁর হাতের কব্জির উপর। তাতেই কব্জির হাড় ভেঙে যায়।
হিয়ার মা বলেন, “আন্ডার ১৯ কবাডি প্রতিযোগিতায় যোগ দেবে হিয়া। স্কুলে তারই অনুশীলন চলছিল। কবাডি খেলতে গিয়েই পড়ে যায়। পুরো শরীরের ভার গিয়ে পড়ে হাতের কব্জিতে। তাতেই ভেঙে যায়।”
দুর্ঘটনার পরপরই চোটের গুরুত্ব বুঝতে পারেননি তাঁরা। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। অভিনেত্রীর মা জানান, “অনেক দিন পরে আমরা জানতে পেরেছি ওর কব্জিতে কিছু হয়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যেতেই খুব বকুনি দিয়েছেন। বলেছেন, ‘যন্ত্রণা সহ্য করা ভাল। তা বলে এতটা সহ্য করাও ভাল নয়।’ মঙ্গলবার হিয়ার কব্জির অস্ত্রোপচার হবে। এমনিতে ঠিকই আছে। নিজের দোষেই পড়েছে ও। কিন্তু তাড়াতাড়ি সুস্থ হোক, না হলে একটু তো চিন্তায় আছিই।”
বর্তমানে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে হিয়া। অভিনয়ের পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহী সে। যদিও কিছুদিন ধরে ছোটপর্দা থেকে দূরে রয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে হিয়া জানিয়েছিল, ভবিষ্যতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চায়। তবে তার আগে পড়াশোনা শেষ করাই এখন তার প্রধান লক্ষ্য। কোনওভাবেই অভিনয়ের জন্য পড়াশোনায় আপস করতে রাজি নয় সে।
এখন অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক হিয়া, সেই প্রার্থনাই করছেন তাঁর অনুরাগীরা।








