বিধানসভা নির্বাচনের আবহ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য সংঘাতে জড়ালেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) এবং তৃণমূল সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক অবস্থান এবং পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে দু’পক্ষের পাল্টাপাল্টি পোস্ট এখন নেটদুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।
ঘটনার সূত্রপাত নির্বাচনের ফল প্রকাশের পর। সোশ্যাল মিডিয়ায় নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হন জিতু কমল। নিজেকে “বামপন্থী” বলে উল্লেখ করে তিনি ইন্ডাস্ট্রির কিছু মানুষের রাজনৈতিক অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেন। তাঁর পোস্টে “পাল্টিবাজ” এবং “মিথ্যাবাদী” শব্দ ব্যবহার করা হয়, যা অনেকেই সায়নী ঘোষকে উদ্দেশ্য করেই লেখা বলে মনে করেন।
এর পরেই পাল্টা পোস্ট করেন সায়নী। তিনি দাবি করেন, অতীতে এক আইনি সমস্যায় পড়ে জিতু এবং তাঁর প্রাক্তন স্ত্রী নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ তুলে সায়নীর অভিযোগ, থানায় গিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অভিনেতা।
এই মন্তব্য সামনে আসতেই আরও চড়া সুরে প্রতিক্রিয়া দেন জিতু। তাঁর বক্তব্য, তিনি কোনও বেআইনি কাজ করেননি এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। শুধু পোস্টেই থেমে থাকেননি অভিনেতা, সমাজমাধ্যমে লাইভে এসেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ক্রমশ এই দ্বন্দ্ব ব্যক্তিগত আক্রমণের রূপ নিতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকেই। একে অপরকে উদ্দেশ্য করে খোলা চিঠির মতো দীর্ঘ পোস্ট করছেন দুই তারকা। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থেকে শুরু করে ব্যক্তিগত অভিজ্ঞতা— সবই এখন প্রকাশ্যে উঠে আসছে।
উল্লেখযোগ্য ভাবে, একসময় একই প্রজেক্টে কাজ করেছেন জিতু এবং সায়নী। সেই কারণেই তাঁদের এই প্রকাশ্য সংঘাত টলিপাড়ায় আরও বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুই পক্ষকে সমর্থন করে বিভক্ত হয়ে পড়েছেন অনুরাগীরাও।








