রসায়নে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য চাকরির সুযোগ নিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট ফেলো পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মাত্র একটি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এছাড়া NET, GATE বা SET-সহ যে কোনও স্বীকৃত সর্বভারতীয় যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে হবে নিয়োগ?
এই পদে কোনও লিখিত পরীক্ষা হবে না। ২২ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সেদিন সকাল ১১টার মধ্যে প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক সেকশন অফিসে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের আগে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথির প্রতিলিপি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আবেদন ফি হিসেবে ৫০ টাকা জমা দিতে হবে।
যাঁরা গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।







