অবসর নেওয়ার পরও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান? সেই সুযোগ নিয়ে এল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কোঅর্ডিনেশন ডিভিশনে কনসালট্যান্ট এবং সিনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইগনুর তরফে জানানো হয়েছে, মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সমন্বয় সংক্রান্ত কাজে যুক্ত করা হবে।
বেতনও যথেষ্ট আকর্ষণীয়। কনসালট্যান্ট পদে মাসিক পারিশ্রমিক ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, সিনিয়র কনসালট্যান্ট পদে নির্বাচিতদের প্রতি মাসে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত রাখা হয়েছে। প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক হতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর পদমর্যাদা অন্তত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা সমতুল্য পর্যায়ের হওয়া প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যিক। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৮ বছর পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগ্রহীদের ইগনুর সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেল আইডিতে প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুন। নিয়োগের শর্ত, দায়িত্ব এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ফলে আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







