বেসরকারিকরণের পথে IDBI ব্যাঙ্ক, সমস্যায় পড়বেন গ্রাহকরা?

On: Thursday, July 16, 2026 11:07 PM
---Advertisement---

দেশের অন্যতম বড় সরকারি ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। সূত্রের খবর, কানাডার আর্থিক পরিষেবা সংস্থা ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংস (Fairfax Financial Holdings) ব্যাঙ্কটির নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব কিনে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। সম্ভাব্য চুক্তির মূল্য ৫.৫ থেকে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে বলে জানা গিয়েছে।

দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তার আগে ইন্টার-মিনিস্টিরিয়াল গ্রুপের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই কেন্দ্রীয় সরকার এবং লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) তাদের মালিকানাধীন শেয়ার বিক্রির বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে সূত্রের দাবি।

পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্র সরকার আইডিবিআই ব্যাঙ্কে নিজেদের ৩০.৪৮ শতাংশ শেয়ার বিক্রি করবে। অন্যদিকে, এলআইসি বিক্রি করবে তাদের ৩০.২৪ শতাংশ অংশীদারিত্ব। অর্থাৎ, মোট ৬০.৭২ শতাংশ শেয়ার নতুন ক্রেতার হাতে যেতে পারে। এই চুক্তি বাস্তবায়িত হলে সরকারের হাতে প্রায় ২৬ হাজার ৬২০ কোটি টাকা এবং এলআইসির হাতে প্রায় ২৬ হাজার ৪৪০ কোটি টাকা আসতে পারে। সব মিলিয়ে লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা।

সূত্রের খবর, ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংস সম্প্রতি তাদের আর্থিক প্রস্তাব আরও বাড়িয়েছে। আগে সংস্থাটি আইডিবিআই ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের মূল্য ৭৫ টাকা ধরে প্রস্তাব দিয়েছিল। পরে সেই দাম বাড়িয়ে ৮১ টাকা করা হয়েছে। এই সংশোধিত প্রস্তাবের পরই সংস্থাটির সঙ্গে চুক্তির সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে বলে জানা যাচ্ছে।

এই অধিগ্রহণের দৌড়ে সংযুক্ত আরব আমিরশাহির ব্যাঙ্ক এমিরেটস এনবিডিও আগ্রহ দেখিয়েছিল। তবে বেশি দর দেওয়ায় ফেয়ারফ্যাক্সই এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার বলে মনে করা হচ্ছে।

চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হলে, এটি ভারতের কোনও ব্যাঙ্কে হওয়া সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগগুলির অন্যতম হয়ে উঠতে পারে। পাশাপাশি, আইডিবিআই ব্যাঙ্কের দীর্ঘদিনের বেসরকারিকরণ পরিকল্পনাও বাস্তব রূপ পাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now