প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-কে মরণোত্তর পদ্মশ্রী সম্মান জানাল কেন্দ্র। রবিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-র হাত থেকে সেই সম্মান গ্রহণ করেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী (Hema Malini)। সঙ্গে ছিলেন ছোট মেয়ে অহনা দেওল (Ahana Deol) এবং জামাই।
অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিপাড়ায়। পুরস্কার গ্রহণের সময় দর্শকাসনে বসে আবেগে ভেঙে পড়তে দেখা যায় অহনাকে। পরে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেমা জানান, ২৫ মে তাঁদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে থাকবে।
হালকা গোলাপি শাড়িতে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হেমা মালিনী (Hema Malini)। অভিনেত্রীর কথায়, এই সম্মান শুধু ধর্মেন্দ্রর দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি নয়, তাঁদের পরিবারের কাছেও গভীর আবেগের মুহূর্ত। পদ্মশ্রীর ঘোষণা হওয়ার পরেই কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।
তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এষা দেওল (Esha Deol)। হেমা জানান, বড় মেয়ের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি। একই সঙ্গে নজর কেড়েছে সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওল (Bobby Deol)-এর অনুপস্থিতিও। এই প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট করে জানান, পরিবারের সকলের মতামত নিয়েই তিনি এই সম্মান গ্রহণ করতে এসেছেন।
ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই তাঁর দুই পরিবারকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে পৃথক শ্রাদ্ধ অনুষ্ঠান নিয়ে সমাজমাধ্যমে বিস্তর আলোচনা হয়। অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌর (Prakash Kaur) এবং হেমা মালিনীর সম্পর্ক নিয়েও বারবার নানা গুঞ্জন শোনা যায়। যদিও সেই বিতর্কে আগেই জল ঢেলেছিলেন হেমা। তাঁর দাবি ছিল, দুই পরিবারের মধ্যে কোনও রকম মতবিরোধ নেই। এ দিনের অনুষ্ঠানেও সেই বার্তাই আরও একবার তুলে ধরতে চাইলেন অভিনেত্রী বলে মনে করছে বলিউডের একাংশ।








