রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শেষ, ফল ঘোষণার অপেক্ষা। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের এক অন্য ছবি তুলে ধরলেন অভিনেত্রী মদালসা শর্মা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত শ্বশুর মিঠুন চক্রবর্তী-কে নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বললেন তিনি।
মদালসার বক্তব্যে উঠে এসেছে একেবারে ভিন্ন এক পারিবারিক পরিবেশের ছবি। তাঁর দাবি, বিয়ের পর থেকে কোনও দিনই তাঁকে ব্যক্তিগত সিদ্ধান্তে চাপে ফেলেনি শ্বশুরবাড়ি। “আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে ভীষণ ভাল, সবটা বোঝেন। আজ পর্যন্ত কোনও কিছু আমার উপরে চাপিয়ে দেননি,” বলেন তিনি।
বিশেষ করে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট। তাঁর কথায়, “মিঠুন চক্রবর্তী অত্যন্ত উদারচেতা। তিনি নারীবাদী পুরুষ। সব রকম স্বাধীনতা তিনি আমাকে দিয়েছেন।” একইসঙ্গে তিনি জানান, শাশুড়ি যোগিতা বালী-র কাছ থেকেও সমান সমর্থন পেয়েছেন।
পরিবারের এই সমর্থন যে তাঁর পেশাগত জীবনে বড় ভূমিকা নিয়েছে, তাও উল্লেখ করেছেন মদালসা। স্বামী মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, “ছোটপর্দায় অভিনয় করছি বলে পরিবারের কোনও আপত্তি নেই। বরং, প্রত্যেক দিনের শুটিংয়ের হাজারো ঝক্কি মিমো হাসিমুখে সামলায়… আমি আজ যতটুকু, সবটাই ওর জন্য।”
ছোটপর্দায় কাজ করার সিদ্ধান্তেও নাকি উৎসাহ জুগিয়েছেন মিঠুন নিজেই। মদালসার দাবি, তিনি তাঁকে নিয়মিত অভিনয় চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন, কারণ টেলিভিশন দ্রুত দর্শকের কাছে পৌঁছনোর অন্যতম মাধ্যম। তাঁর কথায়, “ধারাবাহিক ‘অনুপমা’য় অভিনয় করে আমি যা খ্যাতি পেয়েছি, তা ২০-২২টা ছবির সমান!”
সব মিলিয়ে, গ্ল্যামার জগতের বহুল চর্চিত পরিবার হলেও, চক্রবর্তী পরিবারের অন্দরমহলের এই চিত্র এক ভিন্ন বার্তাই দিচ্ছে—যেখানে সম্পর্কের ভিত্তি নিয়ন্ত্রণ নয়, বরং পারস্পরিক সম্মান ও স্বাধীনতা।








