মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দু’দিনের মধ্যেই প্রশাসনিক তৎপরতা বাড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করল নতুন সরকার। সরকারি চাকরিতে বয়সসীমায় ছাড় থেকে শুরু করে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা— একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে রাজ্য।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। বিজেপি নির্বাচনী প্রচারে এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছিল। জানানো হয়েছিল, এই প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়েই প্রকল্প চালু করা হবে।
তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদন পদ্ধতি কী হবে বা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রশাসনিক সূত্রে স্পষ্ট করা হয়েছে, মৃত ব্যক্তি বা রাজ্যের বাইরের কোনও বাসিন্দার নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে না।
এ দিনের আর এক বড় ঘোষণা মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। সরকার জানিয়েছে, ১ জুন থেকেই রাজ্যের সরকারি বাসে মহিলা যাত্রীদের আর ভাড়া দিতে হবে না। জেলাশাসক ও বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু বলেন, “এটা আমাদের অগ্রাধিকারের মধ্যেই রয়েছে যাতে মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারেন। আপনারা ও দেখুন, আমিও দেখছি।”
এ ছাড়াও দুর্নীতি, কয়লা ও গরু পাচার নিয়ে কড়া অবস্থানের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানোর ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে।
একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আগের সরকারের আমলে চালু হওয়া সামাজিক প্রকল্পগুলি হঠাৎ করে বন্ধ করা হবে না। যদিও সেগুলি আগের নামেই চলবে, না কি নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট অবস্থান জানায়নি সরকার।
রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এত দিন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, সেগুলি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। সেই তালিকায় আয়ুষ্মান ভারতের নামও রয়েছে। ফলে নতুন সরকারের প্রথম বৈঠকের পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে একাধিক সিদ্ধান্ত ঘিরে।







