সরকারি সংস্থায় অভিজ্ঞ প্রার্থীদের জন্য এল নতুন চাকরির সুযোগ। এশিয়াটিক সোসাইটি কন্ট্রোলার অফ ফিনান্স এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে কন্ট্রোলার অফ ফিনান্স পদে আবেদন করতে হলে সরকারি সংস্থায় গ্রুপ ‘এ’ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৫৫ বছরের বেশি হওয়া চলবে না।
অন্যদিকে, অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনকারীদের কোনও সরকারি বা সরকারপোষিত প্রতিষ্ঠানে অন্তত ৬ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি আবশ্যিক। আবেদনকারীর বয়সও ৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনের দিক থেকেও আকর্ষণীয় এই নিয়োগ। কন্ট্রোলার অফ ফিনান্স পদে মাসিক বেতন ৬৭,৭০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, অ্যাকাউন্ট্যান্ট পদে বেতনক্রম ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ডাকযোগে এশিয়াটিক সোসাইটির নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ আগস্ট। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্ত এবং আবেদনপত্রের ফরম্যাট জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







