আইফোন বা ম্যাকবুক কেনার ইচ্ছে থাকলেও দাম অনেকেরই নাগালের বাইরে। এবার সেই সমস্যার কথা মাথায় রেখে নতুন পরিষেবা চালু করেছে অ্যাপ্ল। একসঙ্গে বিপুল টাকা খরচ করে ডিভাইস না কিনেও নির্দিষ্ট সময়ের জন্য সংস্থার বিভিন্ন ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।
নতুন এই পরিষেবার নাম Apple Upgrade। এর মাধ্যমে গ্রাহকরা অ্যাপ্লের বিভিন্ন ডিভাইস লিজে নিয়ে ব্যবহার করতে পারবেন। এক বা দু’দিনের জন্য নয়, টানা দুই বছর পর্যন্ত ডিভাইসটি নিজের কাছে রাখার সুযোগ মিলবে। এর জন্য এককালীন পুরো দাম মেটানোর পরিবর্তে প্রতি মাসে নির্দিষ্ট অর্থ দিতে হবে।
মাসে খরচ কত?
Apple Upgrade পরিষেবায় iPhone, MacBook, Apple Watch কিংবা iPad-এর মতো ডিভাইস নেওয়ার ক্ষেত্রে মাসিক খরচ শুরু হচ্ছে ১৭.৯৯ ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৭১৯ টাকা।
অর্থাৎ দামি কোনও Apple ডিভাইস একবারে কেনার পরিবর্তে মাসিক খরচের বিনিময়ে সেটি ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা। বিষয়টি অনেকটা দীর্ঘমেয়াদি ভাড়ায় গাড়ি ব্যবহারের মতো বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ।
দুই বছর পর কী হবে?
লিজের মেয়াদ দুই বছর শেষ হলে ব্যবহারকারীর সামনে ডিভাইস আপগ্রেড করার সুযোগ থাকবে। অর্থাৎ চাইলে পুরনো ডিভাইস বদলে আরও নতুন মডেল নেওয়া যাবে।
তবে নতুন ডিভাইসে আপগ্রেড করার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। সেই ক্ষেত্রে Apple Buyback-এর সুবিধাও দেবে। পুরনো ডিভাইস ফেরত দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা ছাড় পাওয়া যেতে পারে।
কেন এই পরিষেবা গুরুত্বপূর্ণ?
সাম্প্রতিক সময়ে স্মার্টফোন এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসের দাম নিয়ে গ্রাহকদের মধ্যে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে RAM এবং স্টোরেজের দাম বাড়ার কারণে নতুন ডিভাইস কেনার খরচও বেড়েছে।
এই পরিস্থিতিতে একসঙ্গে বড় অঙ্কের টাকা খরচ না করে মাসিক খরচের মাধ্যমে Apple-এর ডিভাইস ব্যবহারের সুযোগ অনেক গ্রাহকের কাছে আকর্ষণীয় হতে পারে।
তবে এখনই ভারতে মিলছে না সুবিধা
Apple Upgrade পরিষেবাটি আপাতত বিশ্বজুড়ে চালু করেনি অ্যাপ্ল। বর্তমানে শুধুমাত্র আমেরিকার গ্রাহকরাই এই লিজ পরিষেবার সুবিধা নিতে পারবেন।
অ্যাপ্লের খুচরো দোকান এবং অনলাইন ডিভাইস বিক্রির প্ল্যাটফর্ম, দুই জায়গা থেকেই এই পরিষেবার মাধ্যমে ডিভাইস নেওয়ার সুযোগ রয়েছে। আগামী দিনে ভারতসহ অন্যান্য দেশে এই পরিষেবা চালু করা হয় কি না, এখন সেটাই দেখার।







