আপনার হয়ে টিকিট কাটবে, মেল পাঠাবে AI! মেটার ‘মিউজ’ ব্যবহার করা আদৌ নিরাপদ হবে?

On: Friday, September 11, 2026 9:11 PM
---Advertisement---

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবার আরও বেশি ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে মেটা। শুধু ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া বা নির্দেশ অনুযায়ী তথ্য খুঁজে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দিষ্ট কাজ নিজে থেকে সম্পন্ন করতে পারবে সংস্থার নতুন AI এজেন্ট ‘মিউজ’। মেটার এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর দৈনন্দিন বিভিন্ন কাজ আরও স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে iOS, Android এবং ওয়েব প্ল্যাটফর্মে মিউজ পরিষেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে মেটার AI নির্ভর স্মার্ট গ্লাসের সঙ্গেও এই প্রযুক্তিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

সাধারণ AI অ্যাসিস্ট্যান্ট যেখানে মূলত প্রশ্নের উত্তর দেয়, সেখানে মিউজকে আরও বেশি কর্মক্ষম এজেন্ট হিসেবে তৈরি করেছে মেটা। ভ্রমণের টিকিট বা হোটেল বুকিং, অনলাইন কেনাকাটা, বিভিন্ন ফর্ম পূরণ, প্রকল্প পরিচালনা এবং ইমেল পাঠানোর মতো একাধিক কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। দীর্ঘমেয়াদি কোনও লক্ষ্য পূরণে ব্যবহারকারীকে সাহায্য করার পাশাপাশি একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করেও কাজ করতে পারবে এই AI এজেন্ট।

মিউজের অন্যতম বৈশিষ্ট্য হল এটি ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ চালিয়ে যেতে পারবে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার পরেও। এ জন্য AI এজেন্টটি ‘মিউজ সিকিওর ভিএম’ নামে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনে কাজ করে। অর্থাৎ কোনও কাজ শুরু করার পর সেটি সম্পন্ন করার প্রক্রিয়া মিউজ নিজের মতো করে চালিয়ে যেতে পারে।

মেটার দাবি, মিউজ তৈরির সময় ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা এবং নিজের তথ্য ও কাজের উপর নিয়ন্ত্রণের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই ধরনের স্বয়ংক্রিয় AI এজেন্ট নিয়ে প্রযুক্তি মহলে প্রশ্নও উঠছে। বিশেষ করে কোনও ব্যবহারকারীর সংবেদনশীল ব্যক্তিগত তথ্যের নাগাল মিউজ পেলে সেই তথ্য কী ভাবে সুরক্ষিত থাকবে বা অপব্যবহারের আশঙ্কা কতটা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মেটার অন্দরে ‘হ্যাচ’ নামে পরিচিত এই প্রকল্পকে সংস্থার ভবিষ্যৎ AI পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্ক জ়ুকেরবার্গের লক্ষ্য, মেটার বিভিন্ন পরিষেবা ব্যবহারকারী বিপুল সংখ্যক মানুষকে এমন একটি ব্যক্তিগত AI ব্যবস্থা দেওয়া, যা তাঁদের প্রয়োজন বুঝে একাধিক কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। ফলে AI অ্যাসিস্ট্যান্টের পরবর্তী ধাপে ব্যক্তিগত AI এজেন্টের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, মিউজের মাধ্যমে সেই দিকেই এগোচ্ছে মেটা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now