অবশেষে ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় পা রাখল অ্যাপল। সংস্থার প্রথম ভাঁজ করা ফোন iPhone Duo আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নতুন এই ফোনের হাত ধরে Samsung, Google, Xiaomi-র মতো সংস্থার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল অ্যাপল। ভারতের বাজারে ফোনটির দাম শুরু হচ্ছে ২,৯৯,৯০০ টাকা থেকে।
তবে ঘোষণা হলেও এখনই ফোনটি হাতে পাবেন না ভারতীয় গ্রাহকেরা। অ্যাপলের তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে iPhone Duo-এর প্রি অর্ডার শুরু হবে এবং ২৩ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে। ২৫৬ জিবি স্টোরেজের বেস মডেলের দাম ২,৯৯,৯০০ টাকা। ৫১২ জিবি মডেলের দাম ৩,২৪,৯০০ টাকা এবং ১ টিবি মডেলের দাম ৩,৭৪,৯০০ টাকা।
কেমন দেখতে এই ফোন?
অ্যাপল iPhone Duo-র ক্ষেত্রে বইয়ের মতো ভাঁজ হওয়া ডিজাইন বেছে নিয়েছে। ফোনটি বন্ধ অবস্থায় ৫.৪ ইঞ্চির বাইরের ডিসপ্লে ব্যবহার করা যায়। খুললে সামনে আসে ৭.৬ ইঞ্চির বড় Super Retina XDR ফোল্ডিং ডিসপ্লে। সংস্থার দাবি, এটিই এখনও পর্যন্ত কোনও iPhone-এ ব্যবহৃত সবচেয়ে বড় ডিসপ্লে। ফোনটির ফ্রেমে Grade 5 titanium ব্যবহার করা হয়েছে।
ফোল্ডেবল ফোনের অন্যতম বড় সমস্যা হিসেবে যে মাঝের ভাঁজের দাগ নিয়ে আলোচনা হয়, সেখানেও বিশেষ নজর দিয়েছে অ্যাপল। ভিতরের ডিসপ্লেতে nano texture finish ব্যবহার করা হয়েছে, যা প্রতিফলন কমানোর পাশাপাশি ভাঁজের দৃশ্যমানতাও কমাতে সাহায্য করে। দুই ডিসপ্লেতেই ProMotion এবং Always On Display রয়েছে। সর্বোচ্চ ১২০ হার্ৎজ পর্যন্ত adaptive refresh rate এবং বাইরে সর্বোচ্চ ৩,০০০ নিট উজ্জ্বলতাও মিলবে।
বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ
শুধু স্ক্রিন বড় করাই নয়, iPhone Duo-র সফটওয়্যারেও ফোল্ডেবল ডিজাইনের সুবিধা কাজে লাগিয়েছে অ্যাপল। বড় ডিসপ্লেতে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে। ফলে ভিডিও দেখা বা গেম খেলার পাশাপাশি অন্য অ্যাপ চালানোর মতো কাজও সহজ হবে। ফোনটিকে বিভিন্ন ভঙ্গিতে ব্যবহার করার সুবিধাও রয়েছে।
ক্যামেরাতেও চমক রয়েছে। পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের Dual Fusion Camera System। এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion Main এবং ৪৮ মেগাপিক্সেলের Fusion Ultra Wide ক্যামেরা। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের Center Stage ক্যামেরা। ভিতরের ডিসপ্লের নীচে থাকা FaceTime ক্যামেরা প্রয়োজন না হলে স্ক্রিনের অভিজ্ঞতায় বাধা দেবে না।
Official Trailer – iPhone Duo pic.twitter.com/i8fDATWifI
— Apple Design (@TheAppleDesign) September 9, 2026
পারফরম্যান্সের জন্য থাকছে Apple-এর নতুন A20 Pro চিপ। সঙ্গে রয়েছে উন্নত thermal management system এবং dual battery architecture। অ্যাপলের দাবি অনুযায়ী, বাইরের ডিসপ্লে ব্যবহার করে সর্বোচ্চ ৪৪ ঘণ্টা এবং ভিতরের ডিসপ্লে ব্যবহার করে সর্বোচ্চ ৩১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা সম্ভব।
Apple Pencil-ও চলবে
iPhone Duo-র দুই ডিসপ্লেতেই Apple Pencil ব্যবহারের সুবিধা আসছে। অ্যাপল জানিয়েছে, USB C সমর্থিত Apple Pencil দিয়ে নোট নেওয়া, স্কেচ করা কিংবা নথিতে মার্ক আপ করার মতো কাজ করা যাবে। এই সুবিধা বছরের শেষ দিকে পাওয়া যাবে।
ভারতে প্রায় ৩ লক্ষ টাকা থেকে দাম শুরু হওয়ায় নিঃসন্দেহে সাধারণ ক্রেতাদের জন্য এটি অত্যন্ত দামি স্মার্টফোন। তবে অ্যাপলের প্রথম ফোল্ডেবল iPhone হিসেবে iPhone Duo প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।







