ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে সাশ্রয়ী দামের নতুন মাইক্রো EV হিসেবে Blinq RYDE আত্মপ্রকাশ করেছে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ফ্লিটের কথা মাথায় রেখেও গাড়িটি তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, কমপ্যাক্ট আকার, দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ এবং দ্রুত ব্যাটারি বদলের সুবিধার কারণে শহুরে যাতায়াতে এটি কার্যকর বিকল্প হতে পারে।
দাম ও ভ্যারিয়েন্ট
Blinq RYDE এর এক্স শোরুম দাম ৪.৫০ লক্ষ টাকা থেকে শুরু। সর্বোচ্চ দাম ৫ লক্ষ টাকা পর্যন্ত। গাড়িটি দুটি প্রধান ভ্যারিয়েন্টে পাওয়া যায়। RYDE Family ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অন্য দিকে, RYDE Fleets মূলত বাণিজ্যিক ফ্লিট অপারেটরদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে।
শহুরে ব্যবহারের উপযোগী ডিজাইন
গাড়িটির নকশায় আধুনিক ও ফিউচারিস্টিক ভাব রাখা হয়েছে। অ্যারোডাইনামিক বডির পাশাপাশি ছোট টার্নিং রেডিয়াস রাখা হয়েছে, যাতে ব্যস্ত শহরের রাস্তা ও সরু গলিতে গাড়ি চালানো সহজ হয়। সামনের অংশে রয়েছে LED DRL, ক্লোজড অফ গ্রিল এবং হানিকম্ব স্টাইলিং।
Blinq RYDE মোট ১০টি রঙে পাওয়া যাবে। এর মধ্যে Sobor Green, Rosso, Mocha Dust, Metallic Yellow এবং Lunar Silver উল্লেখযোগ্য।
কমপ্যাক্ট গাড়িতে ৫ আসনের কেবিন
আকারে ছোট হলেও কেবিনে পাঁচ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। মিনিমালিস্টিক ড্যাশবোর্ড এবং বড় গ্লাস এরিয়ার কারণে ভিতরের অংশ তুলনামূলক খোলামেলা বলে দাবি সংস্থার। চালক ও যাত্রীদের দৈনন্দিন যাত্রায় আরাম দেওয়ার জন্য সিটের নকশাতেও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্মার্ট ফিচারে নজর
দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য RYDE এ রয়েছে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এতে Bluetooth, Navigation এবং Smartphone Connectivity-এর মতো সুবিধা রয়েছে। পাশাপাশি Digital Driver Display, Power Window, Keyless Entry এবং Automatic Climate Control পাওয়া যাবে।
এতে Regenerative Braking-ও রয়েছে। গাড়ি ধীর হওয়ার সময় উৎপন্ন শক্তির একটি অংশ পুনরায় ব্যাটারিতে ফেরত পাঠানোর মাধ্যমে এই প্রযুক্তি শক্তির ব্যবহার আরও দক্ষ করতে সাহায্য করে।
নিরাপত্তায় ABS ও EBD
নিরাপত্তার জন্য গাড়িটিতে Front Disc Brake-এর সঙ্গে Anti Lock Braking System বা ABS এবং Electronic Brake Force Distribution বা EBD রয়েছে। এছাড়াও Rear Parking Sensor, Seatbelt Reminder, High Speed Alert এবং Reverse Parking Camera-এর মতো ফিচার দেওয়া হয়েছে।
ব্যাটারি বদলাতে সময় লাগবে ৫ মিনিটেরও কম
Blinq RYDE এর অন্যতম বড় আকর্ষণ হল ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি। Blinq Mobility Battery as a Service বা BaaS মডেল অনুসরণ করছে। সংস্থার দাবি, নির্দিষ্ট পরিকাঠামোর মাধ্যমে পাঁচ মিনিটেরও কম সময়ে গাড়ির ব্যাটারি বদলে নেওয়া সম্ভব।
এর পাশাপাশি রয়েছে DC Fast Charging এবং Regular Home Charging-এর সুবিধা। ব্যাটারি প্যাকটি জল ও ধুলোর হাত থেকে সুরক্ষিত রাখতে IP67 রেটিং পেয়েছে।
শহরের জন্য কমপ্যাক্ট ইলেকট্রিক মোটর
গাড়িতে কমপ্যাক্ট ও এনার্জি এফিশিয়েন্ট ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে কাজ করা এই পাওয়ারট্রেন শহরের যানজটে মসৃণ অ্যাক্সেলারেশন এবং দ্রুত পিকআপ দেওয়ার জন্য তৈরি।
ইলেকট্রিক মোটরের কারণে গাড়ি চলার সময় শব্দও তুলনামূলক কম। সংস্থার দাবি, পেট্রল ও ডিজেল চালিত গাড়ির তুলনায় RYDE এর রানিং কস্ট ৬০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। একই সঙ্গে তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচও এই গাড়ির অন্যতম সুবিধা হতে পারে।
এক চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ
Blinq RYDE এর ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও বড় দাবি করেছে সংস্থা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই পরিসংখ্যান MIDC এবং ARAI দাবির ভিত্তিতে দেওয়া হয়েছে।
ফলে দৈনিক অফিস যাতায়াত, শহরের মধ্যে রাইড হেলিং পরিষেবা কিংবা ডেলিভারি পরিষেবার মতো কাজে গাড়িটি ব্যবহার করা যেতে পারে। ব্যাটারি দ্রুত বদলের সুবিধা থাকায় দীর্ঘ সময় চার্জিংয়ের জন্য গাড়ি থামিয়ে রাখার প্রয়োজনও কমতে পারে।







