অ্যাপেলের আইফোন নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর সংস্থাটি এবার ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারে বলে জোর জল্পনা। অর্থাৎ প্রথমবারের মতো ভাঁজ করা যাবে আইফোনের স্ক্রিন। ইতিমধ্যেই স্যামসাং, ওপো, হুয়াওয়ে এবং মোটোরোলার মতো সংস্থা ফোল্ডেবল ফোনের বাজারে রয়েছে। এবার সেই তালিকায় অ্যাপেলও নাম লেখাতে পারে।
জানা গিয়েছে, নতুন ফোল্ডেবল আইফোনের গ্লোবাল লঞ্চ হতে পারে। তবে ভারতে ফোনটি কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও অ্যাপেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এরই মধ্যে সামাজিক মাধ্যম এক্সে ফোনটির সম্ভাব্য দাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কত হতে পারে দাম?
এক্সে এক ব্যবহারকারীর দাবি অনুযায়ী, আইফোন ফোল্ড বা আইফোন আল্ট্রার ২৫৬ জিবি মডেলের দাম অস্ট্রেলিয়ায় ৩৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু হতে পারে। সেই দাম ভারতীয় মুদ্রায় হিসাব করলে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা।
৫১২ জিবি স্টোরেজের মডেলের সম্ভাব্য দাম হতে পারে ৪১৯৯ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকা। অন্য দিকে, ১ টিবি স্টোরেজের মডেলের দাম ৪৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার হতে পারে বলে ওই পোস্টে দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩ লক্ষ ১৮ হাজার টাকা।
তবে এই দাম এখনও নিশ্চিত নয়। অ্যাপেলের তরফে সম্ভাব্য দাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বাজারে আসার আগে দাম পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কবে আসতে পারে ফোল্ডেবল আইফোন?
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দাবিতে আরও বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে আইফোন ফোল্ডের প্রি অর্ডার শুরু হতে পারে। তবে এই তথ্যও এখনও অ্যাপেল নিশ্চিত করেনি।
অ্যাপেল জানিয়েছে, ৯ সেপ্টেম্বর তাদের “সারপ্রাইজ অ্যান্ড শাইন” ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই ফোল্ডেবল আইফোনের ঘোষণা করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে নতুন আইফোনের পাশাপাশি ফোল্ডেবল মডেল নিয়ে অ্যাপেল কী চমক দেয়, সেদিকেই নজর প্রযুক্তি মহলের।
দাম সংক্রান্ত জল্পনা সত্যি হলে, এই ফোল্ডেবল আইফোন অ্যাপেলের এখনও পর্যন্ত সবচেয়ে দামি আইফোনে পরিণত হতে পারে।







