স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ। ‘স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ’-এর মাধ্যমে জুনিয়র অ্যাসোসিয়েট পদে ১,৫৩৮ জনকে নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
কবে থেকে আবেদন?
SBI-এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন শুরু হয়েছে ৭ অগস্ট থেকে। আগ্রহী প্রার্থীদের ২৭ অগস্টের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত যোগ্যতা ও শর্ত দেখে নেওয়া জরুরি।
এক রাজ্যের জন্যই আবেদন
এই নিয়োগে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আবেদনকারী শুধুমাত্র একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন। একই নিয়োগ প্রক্রিয়ায় একবারই পরীক্ষায় বসার সুযোগ মিলবে। যে অঞ্চল বেছে নেওয়া হবে, সেই এলাকার নির্দিষ্ট স্থানীয় ভাষায় দক্ষতাও থাকতে হবে প্রার্থীর।
বয়স কত হতে হবে?
আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৮ থেকে ১ এপ্রিল ২০০৬-এর মধ্যে হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।
তিন ধাপে নিয়োগ
SBI-এর জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের জন্য প্রার্থীদের একাধিক ধাপ পেরোতে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। আগামী সেপ্টেম্বর মাসে ১০০ নম্বরের এই পরীক্ষা হতে পারে। পরীক্ষার সময়সীমা থাকবে এক ঘণ্টা। ভুল উত্তরের ক্ষেত্রে এক-চতুর্থাংশ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় আলাদা কোনও নির্দিষ্ট সামগ্রিক কোয়ালিফাইং কাট অফ রাখা হয়নি।
প্রিলিমিনারিতে সফল প্রার্থীরা পরবর্তী ধাপে মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। অক্টোবর বা নভেম্বর মাসে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পর রয়েছে স্থানীয় ভাষা পরীক্ষা। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে আবেদন করা অঞ্চলের নির্দিষ্ট ভাষা পড়ে না থাকলে নির্বাচিত প্রার্থীদের এই পরীক্ষায় বসতে হবে। সেখানে স্থানীয় ভাষায় পড়া, লেখা, বলা এবং বোঝার দক্ষতা যাচাই করা হবে।
কী ভাবে আবেদন করবেন?
SBI-এর অফিসিয়াল কেরিয়ার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্ত এবং পরীক্ষার বিষয়ে তথ্য SBI-এর বিজ্ঞপ্তিতেই দেওয়া হয়েছে।
অফিসিয়াল আবেদন পোর্টাল: (https://sbi.co.in/careers)







