এলপিজি সিলিন্ডার বুক করার পর দিনের পর দিন অপেক্ষার ঝামেলা এবার অতীত হতে পারে। অন-ডিমান্ড ডেলিভারি পরিষেবা চালু করতে হাত মিলিয়েছে কুইক কমার্স সংস্থা Swiggy Instamart এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)। এই পরিষেবার মাধ্যমে অ্যাপে অর্ডার করলেই অল্প সময়ের মধ্যে বাড়ির দরজায় পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার।
সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন সময়ে নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, HPCL ‘HP Navya’ নামে ১০ কেজির একটি নতুন এলপিজি সিলিন্ডার বাজারে এনেছে। Instamart অ্যাপ থেকেই এই সিলিন্ডার অর্ডার করা যাবে। পাশাপাশি ৫ কেজির এলপিজি সিলিন্ডারও একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
এই পরিষেবার অন্যতম বড় সুবিধা হল, এই সিলিন্ডার ব্যবহারের জন্য আলাদা কোনও গ্যাস কানেকশন নেওয়ার প্রয়োজন নেই। ফলে ভাড়া বাড়িতে থাকা মানুষ, কর্মজীবী, ছাত্রছাত্রী কিংবা যাঁদের নিয়মিত গ্যাস সংযোগ নেই, তাঁদের জন্য এটি বিশেষভাবে উপযোগী হতে পারে।
সংস্থার দাবি, প্রশিক্ষিত কর্মীরাই সমস্ত নিরাপত্তা বিধি মেনে সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে দেবেন। নতুন ধরনের এই সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে, সেটিও সহজে দেখা যাবে।
তবে এই পরিষেবা ব্যবহার করতে প্রথমবার গ্রাহকদের KYC সম্পূর্ণ করতে হবে। একবার সেই প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে অ্যাপের মাধ্যমে সহজেই সিলিন্ডার অর্ডার করা যাবে।
বর্তমানে এই অন-ডিমান্ড LPG ডেলিভারি পরিষেবা পরীক্ষামূলকভাবে বেঙ্গালুরুতে চালু হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা সম্প্রসারণ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।






