শান্তিনিকেতনে গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পে ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়। নির্বাচিত প্রার্থী রসায়ন বিভাগে চলা প্রকল্পে গবেষণার কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নির্দিষ্ট হারে আর্থিক সহায়তাও মিলবে।
বিশ্বভারতীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (SERB)-এর অর্থানুকূল্যে পরিচালিত প্রকল্পে এই ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। এই সময়ে প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তবে এই প্রকল্পে মাত্র একজন প্রার্থীকে বেছে নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহীদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রে ইমেল আইডি, মোবাইল নম্বর-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপে আবেদন করার শেষ দিন ১৬ জুলাই। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনের নিয়ম, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।







