গবেষণার জগতে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পিডিয়াট্রিক লিউকোমিয়া সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। নির্বাচিত প্রার্থী শুধু গবেষণার কাজই করবেন না, একই সঙ্গে পিএইচডি করার সুযোগও পাবেন।
বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগের অধীনে এই গবেষণা প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিয়োগ হবে দু’বছরের চুক্তির ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীকে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ফিজ়িয়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক্স— এই বিষয়গুলির যে কোনও একটিতে স্নাতকোত্তর হতে হবে। স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE)-এর যে কোনও একটিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ম্যামেলিয়ান সেল কালচার এবং মলিকিউলার বায়োলজির গবেষণায় পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদনপত্র ই-মেলের মাধ্যমে জমা দিতে হবে। শেষ তারিখ ১ জুলাই। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং কর্ম-অভিজ্ঞতার প্রাসঙ্গিক নথি সংযুক্ত করতে হবে।
যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৩ জুলাই। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







