২৬ বছর পর ফের বাংলার ছবিতে অনুপম খের, কলকাতায় এসেই করলেন বড় ঘোষণা

On: Friday, June 26, 2026 11:40 PM
---Advertisement---

প্রায় আড়াই দশক পর আবারও বাংলা ছবির সঙ্গে জড়ালেন অভিনেতা ও প্রযোজক অনুপম খের। কলকাতায় এসে তাঁর নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র ঘোষণা করলেন তিনি। বহু বছর ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও বাংলা সিনেমায় ফেরার সুযোগ এতদিন হয়নি বলেই জানালেন অভিনেতা।

নতুন ছবিতে অনুপম খের অন্যতম প্রযোজকের দায়িত্বে রয়েছেন। শমীক বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী এবং রাহুল বোস। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

অনুপম জানান, প্রযোজক হিসেবে তাঁর বাংলা ছবির সফর শুরু হয়েছিল প্রায় ২৬ বছর আগে। সেই সময় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমা থেকে দূরে থাকলেও এবার নতুন প্রজন্মের একটি গল্প নিয়ে ফের বাংলা ছবিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।

ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে অনুপম জানান, তাঁর নতুন ছবির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিনেতার কথায়, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যাতে কলকাতার বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে ছবির শুটিং করা যায়।

কলকাতা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিওও ভাগ করে নিয়েছেন অনুপম। সেই ভিডিওতে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অনুপম খের গত কয়েক বছর ধরে ‘দ্য কাশ্মীর ফাইলস্’, ‘দ্য বেঙ্গল ফাইলস্’-এর মতো ছবি নিয়ে এখানে এসেছেন। পুরো দেশে রাষ্ট্রবাদী সরকার গঠনে বড় ভূমিকা রয়েছে ওঁর।’’

শুধু নতুন ছবির ঘোষণা নয়, এদিন বারবার ফিরে আসে পুরনো স্মৃতিও। ঋতুপর্ণ ঘোষের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপম। ‘বাড়িওয়ালি’ ছবির জন্য তাঁর স্ত্রী কিরণ খের জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেই সময়ের নানা স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now