আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে ফের তৎপর রাজ্য সরকার। সোমবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপে অনুমোদন দেওয়া হয়েছে।
পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ই অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি কে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হলো।’’
একই সঙ্গে আগের সরকারের ভূমিকাও আক্রমণ করেছেন তিনি। শুভেন্দুর দাবি, ‘‘বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না।’’
উল্লেখ্য, ঘটনাকালীন আর জি কর মেডিক্যাল কলেজের সুপার ছিলেন সন্দীপ ঘোষ। পরে দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। এবার তাঁর বিরুদ্ধে আরও কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
এর আগে গত শুক্রবার নবান্ন থেকে আর জি কর মামলার ফাইল পুনরায় খোলার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। সেই সময়ই তিন আইপিএস অফিসার— Vineet Goyal, Indira Mukhopadhyay এবং Abhishek Gupta-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা জানানো হয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতায় আসার পর আর জি কর কাণ্ডে নতুন করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই একের পর এক পদক্ষেপ করা হচ্ছে।





