Job Vacancy: মাসে ৩০ হাজার বেতন, গবেষক খুঁজছে আইআইটি খড়্গপুর

On: Friday, May 8, 2026 10:35 PM
---Advertisement---

বাইরের দূষণ নিয়ে আলোচনা নতুন নয়। কিন্তু ঘরের ভিতরের বাতাসও যে সমান ভাবে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে এখন বিশ্ব জুড়ে গবেষণা বাড়ছে। সেই আবহেই ঘরের ভিতরে এবং বাইরের বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য বিশেষ সেন্সর প্রযুক্তি তৈরির উদ্যোগ নিল Indian Institute of Technology Kharagpur। এই গবেষণা প্রকল্পে কাজ করার জন্য গবেষক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠান।

আইআইটি খড়্গপুরের ‘মেটারিয়ালস সায়েন্স সেন্টার’-এর অধীনে এই প্রকল্পে নিয়োগ করা হবে দু’জন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আর্থিক সহায়তায় চলবে গবেষণার কাজ। মূল লক্ষ্য, এমন একটি সেন্সর ব্যবস্থা তৈরি করা যা ঘরের ভিতর ও বাইরের বায়ুর গুণমান নির্ভুল ভাবে পর্যবেক্ষণ করতে পারবে।

নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৩০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর।

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ‘Jobs’ বিভাগে গিয়ে ‘Temporary Position’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখান থেকেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদন গ্রহণের শেষ দিন ২০ মে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। গবেষণার কাজে আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now