ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ। ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য চালু হল অনলাইন পোর্টাল। আগেই Supreme Court of India নির্দেশ দিয়েছিল, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ যাওয়ার মতো বিষয়গুলিতে আপিল শোনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেই নির্দেশ মেনেই এবার ডিজিটাল ব্যবস্থায় আবেদন করার সুযোগ খুলে দিল নির্বাচন কমিশন (Election Commission of India(।
নতুন ব্যবস্থায়, বিচারিক আধিকারিকদের নির্দেশে যদি কোনও ভোটার অসন্তুষ্ট হন, তাহলে সরাসরি ট্রাইব্যুনালে আপিল জানাতে পারবেন। এমনকি সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলেও এই সুযোগ মিলবে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন
প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.go.in-এ গিয়ে লগইন করতে হবে। সেখানে ‘Register in Electoral Roll’ অপশনে ক্লিক করলে ‘Under Adjudication submit Appeal of Individual’ বিভাগটি খুলবে। এই অংশেই আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনকারীকে নিজের নাম, EPIC নম্বর, সম্পূর্ণ ঠিকানা এবং পিন কোড দিতে হবে। ঠিকানা লেখার ক্ষেত্রে নির্দিষ্ট শব্দসীমা রয়েছে—২৫০ শব্দের বেশি হওয়া যাবে না।
লগইনের জন্য যে কোনও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করলেই পোর্টালে প্রবেশ করা যাবে। এরপর EPIC নম্বর দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট ভোটারের তথ্য উঠে আসবে।
কী কী তথ্য দিতে হবে
আবেদনপত্রে মোট চারটি নির্দিষ্ট অংশ পূরণ করতে হবে। কেন আপিল করছেন, তা বিস্তারিতভাবে লিখতে হবে—সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে। পাশাপাশি, আপিলের উদ্দেশ্য বা কী দাবি করছেন, সেটিও ৫০০ শব্দের মধ্যে স্পষ্ট করতে হবে। শেষে আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন এলাকার ভোটার।
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ‘Submit’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে। বিকল্পভাবে ecinet.eci.gov.in পোর্টাল ব্যবহার করেও একই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
অফলাইনেও সুযোগ
যাঁরা অনলাইনে আবেদন করতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দফতরে গিয়ে কাগজে আবেদন জমা দেওয়া যাবে। সেখান থেকে কর্তৃপক্ষই তা অনলাইনে আপলোড করে দেবে।
নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা দূর করতে এই পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। তবে আপাতত স্পষ্ট—নাম বাদ গেলে আর অসহায় থাকার দিন শেষ, আপিলের পথ এখন হাতের মুঠোয়।






