আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, তার মধ্যেই নেতৃত্বের রূপরেখা স্পষ্ট করে দিল কলকাতা নাইট রাইডার্স। দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল রিঙ্কু সিংহ (আরওকে। সিদ্ধান্তে স্পষ্ট, ভবিষ্যতের নেতৃত্বের দিকেই এখন থেকেই নজর রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি।
এর আগেই ঘোষণা হয়েছিল, আসন্ন মরশুমে দলের অধিনায়ক থাকছেন অজিঙ্ক রাহানে। তবে গতবারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারকে দলে না রাখায়, নতুন সহ-অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে রিঙ্কুর নাম সামনে আনা হল।
সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে ইডেন গার্ডেন্সে নেতৃত্বের দায়িত্বে দেখা গিয়েছে রিঙ্কুকে। একটি দলের নেতৃত্বে ছিলেন তিনি, অন্যদিকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। সেই ম্যাচগুলিতে রিঙ্কুর সিদ্ধান্ত গ্রহণ ও মাঠে উপস্থিতি টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করেছে বলেই জানা যাচ্ছে। দলের সাপোর্ট স্টাফদের একাংশ তাঁর আগ্রাসী মানসিকতা এবং ম্যাচ পড়ার ক্ষমতার প্রশংসাও করেছেন।
যদিও জাতীয় স্তরে নেতৃত্বের অভিজ্ঞতা এখনও সীমিত, তবুও রিঙ্কুকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলার ভাবনাই স্পষ্ট কেকেআরের এই সিদ্ধান্তে। বর্তমানে উত্তরপ্রদেশের হয়ে নেতৃত্বের স্বাদ পেলেও, তা খুব দীর্ঘমেয়াদি নয়। ফলে আইপিএলের মতো বড় মঞ্চে সহ-অধিনায়কের দায়িত্ব তাঁর জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
২০১৮ সাল থেকে কেকেআরের জার্সিতে খেলছেন রিঙ্কু। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ফিনিশিং দক্ষতা ইতিমধ্যেই নজর কেড়েছে। এবার নেতৃত্বের ভূমিকায় নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন, সেটাই দেখার। রাহানের অধীনে খেলে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ মিলবে, যা ভবিষ্যতে তাঁকে পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।








