আসন্ন আইপিএলকে সামনে রেখে ম্যাচ পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে বল পরিবর্তন সংক্রান্ত নিয়মে নতুন সংযোজন করা হয়েছে, যা ম্যাচের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রিকেটমহল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট তিনটি পরিস্থিতিতে ম্যাচ চলাকালীন বল পরিবর্তন করা যাবে। প্রথমত, বল হারিয়ে গেলে বা কোনও কারণে খুঁজে না পাওয়া গেলে। দ্বিতীয়ত, বল খেলার অযোগ্য হয়ে পড়লে। এবং তৃতীয়ত, আম্পায়ারদের বিবেচনায় বলের অবস্থা সন্তোষজনক না হলে। তবে এই সব ক্ষেত্রেই নতুন বল ব্যবহার করা হবে না। পরিবর্তে এমন একটি বল দেওয়া হবে, যা আগের বলটির মতো প্রায় সমসংখ্যক ওভার ব্যবহৃত হয়েছে।
এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যাটার এবং ফিল্ডিং দলের অধিনায়ক—উভয়কেই সিদ্ধান্তের বিষয়ে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।
এ বার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল, সন্ধ্যার ম্যাচগুলিতে পরে বোলিং করা দলের অধিনায়ক নির্দিষ্ট শর্তে বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। ইনিংসের ১০ ওভার সম্পূর্ণ হওয়ার পরেই এই আবেদন জানানো যাবে, এবং তা করতে হবে দু’টি ওভারের মাঝে। মূলত শিশির বা বৃষ্টির কারণে বল ভিজে গেলে যাতে বোলারদের অসুবিধা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই এই নিয়ম আনা হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন মাঠের আম্পায়ারেরাই। তাঁরা যদি আবেদন যুক্তিসঙ্গত বলে মনে করেন, তবেই বল বদল হবে।
এ ছাড়াও, ম্যাচের যে কোনও সময় আম্পায়ারেরা নিজেরাই বল পরীক্ষা করে তা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য—নতুন বল নয়, বরং প্রায় সমান ব্যবহৃত একটি বলই দেওয়া হবে।
সব মিলিয়ে, আইপিএলে বল পরিবর্তনের এই নতুন বিধি ম্যাচের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা আনতে চায় বলেই মনে করা হচ্ছে।








