যুদ্ধের প্রভাব রেলের রান্নাঘরে: LPG সঙ্কটে খাবার নিয়ে বিশেষ নির্দেশ দিল IRCTC-র

On: Saturday, March 21, 2026 4:46 PM
---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দামে ঊর্ধ্বগতির পাশাপাশি দেখা দিচ্ছে এলপিজি সঙ্কট, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের বিভিন্ন পরিষেবায়। এবার সেই প্রভাব পড়ল ভারতীয় রেলওয়ের ক্যাটারিং ব্যবস্থাতেও।

Indian Railway Catering and Tourism Corporation দেশের ট্রেন ও স্টেশনজুড়ে খাবার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাটি তাদের ক্যাটারিং পার্টনারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এলপিজি সিলিন্ডারের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রান্নার পদ্ধতিতে পরিবর্তন আনতে বলা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, সরাসরি গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ইনডাকশনসহ অন্যান্য বৈদ্যুতিক রান্নার সরঞ্জাম ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। রেল স্টেশনগুলিতে থাকা ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং ‘জন আহার’ স্টলগুলিতে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

শুধু রান্নার পদ্ধতি বদল নয়, খাদ্য সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, সেদিকেও নজর দিতে বলেছে আইআরসিটিসি। বিশেষ করে রেডি-টু-ইট খাবারের পর্যাপ্ত মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলিকে।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন যাত্রীদের জন্য অধিকাংশ খাবার প্রস্তুত হয় বেস কিচেনগুলিতে। সেখানে এলপিজি সরবরাহে সমস্যা দেখা দিলে সরাসরি যাত্রী পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই বিকল্প রান্না পদ্ধতি চালুর নির্দেশ।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব যে কীভাবে ধাপে ধাপে সাধারণ পরিষেবা ব্যবস্থায় এসে পড়ে, এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ। যাত্রীদের খাবার পরিষেবা স্বাভাবিক রাখতে রেলের এই পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now